অনলাইন ডেস্ক:
বলিভিয়ায় গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের ফলে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির উপবেসামরিক প্রতিরক্ষামন্ত্রী হুয়ান কার্লোস কালভিমন্তেস এ তথ্য জানান।
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিতে দেশটির ৯টি বিভাগের মধ্যে ৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে ৮৩টি পৌরসভার উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২৭টি ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা পাজ বিভাগ, যেখানে ২২টি পৌরসভা দুর্যোগপূর্ণ অবস্থার সম্মুখীন।
বৃষ্টিপাতজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে চুকুইসাকা, লা পাজ, তারিজা, কোচাবাম্বা, সান্তা ক্রুজ এবং পোটোসি বিভাগে। এছাড়া, এখনো চারজন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে তিনজন লা পাজের উত্তরে এবং একজন চুকুইসাকা বিভাগে।
ন্যাশনাল মেটিওরোলজি অ্যান্ড হাইড্রোলজি সার্ভিস জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং এমনকি এটি মার্চ ও এপ্রিল পর্যন্তও স্থায়ী হতে পারে।











