বাংলাদেশি কমিউনিটির সহায়তায় রোমের মেয়রকে ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহানুভূতি ও সহায়তার জন্য রোমের মেয়র রবার্তো গুয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশি অভিবাসীদের এত সুন্দরভাবে দেখভাল করার জন্য ধন্যবাদ।”

সোমবার (রোম সময়) রোম সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়রের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ইউনূস বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির অংশ হয়ে উঠেছেন এবং উভয় দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, “ইতালির অনেক নামকরা রেস্তোরাঁয় এখন বাংলাদেশি রাঁধুনিরা রয়েছেন।”

মেয়র গুয়ালতিরি রোমে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশির ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং তাদের উপস্থিতিকে রোমের বহুসাংস্কৃতিক সমাজের জন্য সমৃদ্ধিকর হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে দুই নেতা রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আলোচনা হয় নিরাপদ অভিবাসন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং ভবিষ্যতে ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও।

সাক্ষাৎ শেষে মেয়র ইউনূসকে স্মারক হিসেবে একটি ফলক উপহার দেন, যাতে খোদাই করা ছিল রোমান দার্শনিক ও সম্রাট মার্কাস অরেলিয়াসের প্রতিকৃতি। এই স্মারক এর আগেও বিশ্বনেতাদের—যেমন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে—প্রদান করা হয়েছে।

এ সময় ইউনূসকে ঐতিহাসিক রোমান সেনেট ভবন ও আশপাশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো ঘুরে দেখানো হয়।

বৈঠকে এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।