বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে অর্থায়ন বাতিল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) এই তথ্য নিশ্চিত করেছে। ডিওজিই জানায়, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্ধারিত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের একটি কর্মসূচি বাতিল করা হয়েছে।

এছাড়া, ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের একটি কর্মসূচি বাতিল করা হয়েছে। ডিওজিই বলেছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ২৯ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমানোর জন্য নানা পদক্ষেপ নিয়েছে, যার অংশ হিসেবে এই সহায়তাগুলি বাতিল করা হয়েছে।

এছাড়া, ডিওজিই জানায়, মোজাম্বিকের জন্য ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ার জন্য ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ার জন্য ১৪ মিলিয়ন ডলার, মলদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি উদ্যোগে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে।

গত ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন এবং প্রথম দিনেই ১০০ এর বেশি নির্বাহী আদেশে সই করেন। এর পর ২৫ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে।