বাংলাদেশ আক্রান্ত হলে দিল্লির মসনদও তছনছ হবে: হেফাজত
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল নেওয়ার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই প্রতিবাদ জানান। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সই করা ওই বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।’
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতের পাপেট ও পতিত ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেনি। তাই বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক আতঙ্কিত রয়েছে বলে তারা মনে করেন। সেই কারণেই পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তারা জানান, বাংলাদেশের জনগণ এসব হুমকিকে পরোয়া করে না এবং এদেশে ভারতের যত চিহ্নিত অ্যাসেট রয়েছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে।
হেফাজতের বিবৃতিতে আরও বলা হয়, আজকের বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়, এই বাস্তবতার পরিবর্তন ঘটেছে। ভারতের এখন হুঁশে ফেরা উচিত। পাপেট হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসিয়ে আধিপত্যবাদী ভারত আমাদের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছিল। মোদিবিরোধী আন্দোলনের শহীদ ছাড়াও ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জনপ্রিয় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হন। এ ছাড়া আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থিদের ওপর বিচারিক হত্যাকাণ্ড ঘটে এবং পিলখানায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের পাশাপাশি শহীদ ওসমান হাদির রক্তের দাগও ভারতের হাতে লেগে আছে। এই রক্তের দায় হিন্দুত্ববাদী ভারতকে একদিন শোধ করতেই হবে বলে তারা মন্তব্য করেন।
বিবৃতিতে আরও যোগ করা হয়, নিজের দেশের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ নির্লজ্জ ভারত বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান প্রচার করছে। চব্বিশে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রোপাগান্ডা-যুদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে তার পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। জুলাইয়ে ইমানি শক্তিতে বলীয়ান বিপ্লবী ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে কীভাবে স্বাধীনতা রক্ষা করতে হয়, তা প্রমাণ করেছে। পাশাপাশি সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোও এই লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে তাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।
