এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তি ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।
সালাউদ্দিন আহমদ বলেন, বারবার যখন স্বৈরাতন্ত্রের আগমন হয়েছে, প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আরেকবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্তি লাভ করেছে।
১৯৭৫ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র এবং পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলা স্বাধীনতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে মুক্ত করেছিলেন। এটাই আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস।
সাংবাদিকদের সামনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা গণতান্ত্রিক আচরণ করব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করব। এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না—এই প্রতিজ্ঞা আমাদের এবং এ দেশের আপামর জনগণের রয়েছে।
