ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি: পুশইন ঠেকাতে কূটনৈতিক সমাধানের চেষ্টা

প্রকাশিত: 17 May 2025, 4:04 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি ভারতীয় সীমান্তে পুশইন নিয়ে নতুন তথ্য তুলে ধরেন এবং এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কূটনৈতিক পদক্ষেপের কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ভারত মান্দারবারি সীমান্ত এলাকা দিয়ে পুশইন করার চেষ্টা করেছে। আমি সেখানে পরিদর্শন করেছি এবং ভারতকে স্পষ্ট জানানো হয়েছে যে, আমাদের যদি কোনো বাংলাদেশি সেখানে থেকে থাকে, তাহলে তাদেরকে যথাযথ চ্যানেল দিয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে, ঠিক যেমনটা ভারতীয় নাগরিকদের আমরা পাঠিয়ে থাকি।” তিনি আরও বলেন, “বিজিবি, আনসার ও স্থানীয় জনগণের সহযোগিতায় ভারত ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশইন করতে পারেনি, এবং যদি সবাই একসাথে কাজ করি, তবে ভবিষ্যতে এটা ঠেকানো সম্ভব হবে।”

তিনি আরো বলেন, “পুশইন ঠেকাতে কূটনৈতিক সমাধানের জন্য ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। এই বিষয় নিয়ে আমাদের রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।”

ভারতের পুশইন করার পেছনে কারণ হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “কিছুদিন আগে গুজরাটে বাঙালি কলোনি ভেঙে দেওয়ার পরই ভারতীয় পুশইনের চেষ্টা আবার শুরু হয়েছে।”

এছাড়া, ইউএনএসিআরের কার্ডধারী রোহিঙ্গাদের পুশইন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এরই মধ্যে প্রতিবাদলিপি পাঠিয়েছি, কারণ কিছু রোহিঙ্গা আমাদের দেশে এসে পৌঁছেছে এবং ভারতও তাদের পুশইন করছে।”

ভারতীয় কর্মকাণ্ডকে উসকানিমূলক পদক্ষেপ মনে হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি আমি উসকানিমূলক কিছু মনে করি না। কারণ এর আগেও তারা এই ধরনের পুশইন করেছিল, সেই সময় আমি বিজিবির ডিজি ছিলাম।”

এসময় তিনি বলেন, “সুন্দরবনের জলসীমায় বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় জলসীমান্ত রক্ষায় কাজ করবে বিজিবির ভাসমান বিওপি।”

মন্তব্য করুন