নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আশা করা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই তিনি বাংলাদেশে আসবেন। সোমবার রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহ জানান প্রেসিডেন্ট লুলা।
বৈঠকে ইউনূস প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনি তাৎক্ষণিকভাবে গ্রহণ করেন। তিনি বলেন, “আমি বাংলাদেশে যাবো।”
এই আলোচনায় দুই নেতা সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি, দারিদ্র্য বিমোচন, গভীর সমুদ্র মৎস্য আহরণ, ফার্মাসিউটিক্যাল উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। প্রেসিডেন্ট লুলা বলেন, ব্রাজিলের স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা বাংলাদেশে ভাগ করে নিতে চান এবং একইসঙ্গে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসায় বাংলাদেশের অভিজ্ঞতা থেকেও শিখতে চান।
প্রেসিডেন্ট লুলা আগামী বছর অ্যামাজন অঞ্চলে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন কপ৩০-এ অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান। তবে অধ্যাপক ইউনূস জানান, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন ঘিরে তিনি তখন ব্যস্ত থাকবেন।
এসময় ইউনূস বলেন, “এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। কারণ গত ১৬ বছরে এবারই প্রথম একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”
বৈঠকের এক পর্যায়ে ফুটবল নিয়েও আলোচনা হয়। ইউনূস বলেন, “বাংলাদেশের প্রতিটি গ্রামে ব্রাজিল দলের অগণিত সমর্থক রয়েছে।”
বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











