বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় এই জামাত শুরু হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ভোর থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই মসজিদের মূল ভবনসহ চারপাশের চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। নামাজ শেষে নানা বয়সী ধর্মপ্রাণ মুসলমান একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে তাঁর সাথে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

 

ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররমে আজ পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং মুকাব্বির ছিলেন চিফ খাদেম মো. নাসির উল্লাহ। এরপর সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে ছিলেন মো. রুহুল আমিন।

 

সকাল ১০টায় অনুষ্ঠিতব্য চতুর্থ জামাতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মো. আব্দুল হাদী। এছাড়া সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও শেষ জামাতে ইমাম হিসেবে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।

 

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।