বায়ুদূষণে ব্যাংককের ৩৫২টি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ দেশের বেশ কিছু অঞ্চলে বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর কারণে ৩৫২টি স্কুল বন্ধ করে দিয়েছে নগর কর্তৃপক্ষ। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন শুক্রবার এক ঘোষণায় জানায়, ৩১টি জেলার স্কুলগুলোতে বায়ুদূষণের প্রভাবে শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকক নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়িতে বসে কাজ করার আহ্বান জানিয়েছে এবং ভারী যানবাহন চলাচল সীমিত করারও সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংককের বর্তমান বায়ুদূষণের পরিস্থিতি এতটাই মারাত্মক যে, এটি ২০২০ সালের পর সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ২০২২ সালে বায়ুদূষণের কারণে শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছিল।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকাও সম্প্রতি শীর্ষে উঠে এসেছে। গত দুদিন ধরে বায়ুদূষণের কারণে ঢাকার বাসিন্দারা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন। বিশেষত বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫ এর পরিমাণ অনেক বেড়ে গেছে, যা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। ঢাকায় পিএম ২.৫ এর পরিমাণ প্রতি বর্গমিটার ১২২ মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পিএম ২.৫ এর মাত্রা বেশি থাকলে তা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ব্যাংকক ও ঢাকাসহ বিশ্বের বেশ কিছু শহর বর্তমানে এই ধরনের বায়ুদূষণের শিকার হচ্ছে।

সূত্র: এএফপি