অনলাইন ডেস্ক:
সাতক্ষীরার দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে গোপনে বই বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামানের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ বই বিক্রি করে এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। তবে স্থানীয় ছাত্রজনতা সন্দেহ করে দুটি ভ্যান আটক করে, এরপর বিষয়টি প্রশাসনের কাছে পৌঁছালে, বিক্রিত বইগুলো স্কুলে ফেরত দিতে বাধ্য হন ক্রেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতের আঁধারে দুই ভ্যান বই বিদ্যালয় থেকে বের হতে দেখে ছাত্ররা তাদের গতিরোধ করে। পরে তদন্তে জানা যায়, প্রধান শিক্ষক তহিরুজ্জামান বইগুলো একটি ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। কমিটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বই বিক্রি করার কারণে স্থানীয়রা ওই ভ্যানগুলোর গতিরোধ করে।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পর, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ভ্যানভর্তি বই নিয়ে আসা হয়। পরে, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও থানার ওসির উপস্থিতিতে বইগুলো যাচাই-বাছাই করা হয় এবং সঠিক বিদ্যালয়ে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ১০টায় সখিপুর মোড়ে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং অভিভাবকদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “বিষয়টি জানার পরই বইগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছি।”











