অনলাইন ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় গত রোববার গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’। প্রতিযোগীদের তালিকায় রয়েছেন—অশনুর কৌর, জিশান কাদরি, নাগমা মিরাজকর, আয়েশ দারবার, নেহাল চুড়াসামা, অভিষেক বাজাজ, বাসির আলি, গৌরব খান্না, নাতালিয়া জানোসেক, প্রণীত মোরে, ফারহানা ভাট, নীলম গিরি, কুনিক্কা সুদানন্দ, আমাল মালিক এবং মৃদুল তিওয়ারি। তবে প্রথম পর্বেই বাদ পড়েছেন ফারহানা ভাট।
এবারের সিজনের থিম ‘ঘরওয়ালোঁ কি সরকার’, যেখানে প্রতিযোগীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। এই রিয়েলিটি শো সম্প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৯টায় জিও হটস্টার এবং রাত ১০:৩০-এ কালারস টিভিতে।
প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উদ্যোক্তা তনয়া মিত্তল। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত তনয়া নিজের স্টাইলিশ এন্ট্রি এবং বিস্ময়কর কিছু বক্তব্য দিয়ে চমকে দেন দর্শকদের। তিনি বলেন, “আমি আমার বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি। আমার গহনা, অন্যান্য জিনিস এবং ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছি। প্রতিদিনের জন্য আমি তিনটি করে শাড়ি বেছে রেখেছি।”
তনয়া আরও জানান, তাঁর সঙ্গে সব সময় নিরাপত্তারক্ষী থাকে এবং তাঁদের অভিজ্ঞতা অসাধারণ। তাঁর দাবি, “আমার দেহরক্ষীরা কুম্ভ মেলায় ১০০ জনের প্রাণ বাঁচিয়েছিল, এমনকি পুলিশকেও। আমাদের পরিবারে বহু প্রজন্ম ধরে নিরাপত্তা ব্যবস্থার চর্চা রয়েছে।”
তনয়ার এই ধরনের মন্তব্য এবং উপস্থিতি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।











