ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। বৈঠকে বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনার পর একগুচ্ছ সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে।

 

এছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বুয়েটের প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঝিলমিল প্রকল্পে অস্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর এবং গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণের সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়। অটোরিকশা চলাচলে পৃথক নীতিমালা প্রণয়ন এবং সচিবালয়ের আশপাশে পার্কিং ব্যবস্থার উন্নয়নের ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।