নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিদেশে ইলিশের চাহিদা অনেক বেশি, আর যদি আমরা জাটকা নিধন বন্ধ করতে পারি এবং দেশের চাহিদা মিটিয়ে উৎপাদন বাড়াতে সক্ষম হই, তবে ইলিশ রপ্তানি করা সম্ভব হবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বরিশাল বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলের সহযোগিতার আহ্বান জানান।
ফরিদা আখতার বলেন, ইলিশের উৎপাদন মূলত ভোলা এবং বরিশাল বিভাগে হয়ে থাকে। দেশে উৎপাদিত মোট ইলিশের ৬৫.৮৮ শতাংশ বরিশাল বিভাগে উৎপাদিত হয় এবং এর মধ্যে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলা জেলায়।
উপদেষ্টা আরও জানান, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যাংকটি প্রতিষ্ঠিত হলে জেলেরা সহজ শর্তে ঋণ নিতে পারবেন, যা তাদের জীবনযাত্রাকে সহজ করবে। এছাড়া, জাটকা সংরক্ষণকালীন জেলেদের খাদ্যসহায়তা আগের চেয়ে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহের কার্যক্রম চলবে এবং সকলকে জাটকা নিধন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য নৌ-র্যালি অনুষ্ঠিত হয়, যা কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে শুরু হয়ে চরমোনাইয়ে গিয়ে শেষ হয়।
এছাড়া, দেশের ২০টি ইলিশ সমৃদ্ধ জেলা—ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট এবং সিরাজগঞ্জ—এখানে ৮ এপ্রিল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উদ্যাপন করা হচ্ছে।










