বিপিএলে ফিক্সিংয়ের ঘটনায় ৭ জনের দায় স্বীকার, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে ৩ জনের ভাগ্য
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পিছু ছাড়ছে না ফিক্সিংয়ের বিতর্ক। একের পর এক অভিযোগ, তদন্ত আর নিষেধাজ্ঞার পরও থামছে না অনিয়মের এই কালো অধ্যায়।
সর্বশেষ দুই আসরে ফিক্সিংয়ের অভিযোগে এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে ৭ জনই নিজেদের দায় স্বীকার করে নিয়েছেন। এখন কেবল চূড়ান্ত শাস্তির অপেক্ষা।
সন্দেহজনক নানা কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের বোর্ড। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন সেই কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে ৯০০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে ৯ ক্রিকেটারকে বাইরে রেখেছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি। সেই ক্রিকেটাররা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।
তবে বোর্ডে আবারও পরিবর্তনের পর ৯০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনকে খুব বেশি গুরুত্ব দেয়নি নতুন পরিচালনা পর্ষদ। যদিও অভিযুক্ত ৯ ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে সেসময় জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর পরপরই দ্বাদশ আসরে সামনে আসে ফিক্সিংয়ের আরও একাধিক নতুন অভিযোগ। দীর্ঘ তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত মোট ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে ৭ জনই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
দোষ স্বীকার করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ কর্মকর্তা জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ৩ জন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। এই তিন জনের বিরুদ্ধে আনীত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে স্বাধীন ট্রাইব্যুনালে।
তবে এই তদন্তের এখানেই সমাপ্তি ঘটছে না। আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে জোরেশোরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট। এমন পরিস্থিতিতে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে যে, এত তদন্ত, নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক নানা উদ্যোগের পরও কি দেশের ক্রিকেটে ফিক্সিংয়ের প্রবণতা আদৌ কমেছে?
নিয়ম অনুযায়ী, ইন্টেগ্রিটি ইউনিট যে কারও বিরুদ্ধে নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত পরিচালনা করতে পারলেও, অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা এবং তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার চূড়ান্ত এখতিয়ার একমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
