বেঁচে না-ও ফিরতে পারি: সুচিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি দিলেন ইমরান খান
অনলাইন ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারের নির্জন প্রকোষ্ঠে দিন কাটাচ্ছেন। নিজের শারীরিক অবস্থার অবনতি, স্ত্রীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা এবং চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে দেশটির তিনটি আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
খোলা চিঠিতে নিজের শারীরিক ঝুঁকির কথা জানিয়ে দ্রুত চিকিৎসার আবেদন করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তার আশঙ্কা, এভাবে চলতে থাকলে হয়তো আর জীবিত ঘরে ফিরতে পারবেন না তিনি। গত সোমবার ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে চিঠিটি লেখেন ইমরান।
নিজের ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারানোর কথাও চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। পাশাপাশি অনিয়ন্ত্রিত রক্তচাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার দাবি, গত ১০ নভেম্বর রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন। ইমরানের ভাষায়, ‘৭৪ বছর বয়সে এই অবিরাম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো জীবিত ফিরতে পারব না।’
স্ত্রী বুশরা বিবির অবস্থাও উদ্বেগজনক বলে জানিয়েছেন ইমরান। গত এপ্রিলে তার রেটিনায় সমস্যা দেখা দেয় এবং অস্ত্রোপচার করা হয়। ইমরানের দাবি, চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বুঝেছেন, আলো সহ্য করতে পারছেন না বুশরা। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।
ইমরান আরো অভিযোগ করেছেন, ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। তার আবেদন, আদালতের নির্দেশ বাস্তবায়ন করে দুজনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হোক।
চিঠির শেষাংশে ইমরান লিখেছেন, ‘আমি কোনো বিশেষ সুবিধা চাইনি। শুধু ন্যায়বিচার এবং যথাযথ চিকিৎসা চাইছি। বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হয়ে যাওয়ার আগে আমাকে ন্যায়বিচার দিন।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। চিঠিতে ইমরান জানান, কারাগারে দীর্ঘ সময় একাকী থাকতে হচ্ছে তাকে। পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গেও যোগাযোগের সুযোগ পাচ্ছেন না। তাতে মানসিক স্বাস্থ্যেরও অবনতি হয়েছে। কারা চিকিৎসক বোর্ড তাকে পরিবারের সঙ্গে দেখা, বই পড়া ও টেলিভিশন দেখার পরামর্শ দিলেও তা মানা হচ্ছে না।
