বেনাপোলে এক কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জেলা প্রতিনিধি :

বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও শিকারপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় ফেনসিডিল, শাড়ি, পাতার বিড়ি, পান মসলা, মোটর পার্টস, কিটক্যাট চকলেট, কসমেটিকস সামগ্রী এবং অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। বিজিবি অধিনায়ক জানান, এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে।

তিনি আরও বলেন, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনছে, যা সরকারের রাজস্ব আয় কমিয়ে দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্পকেও ক্ষতিগ্রস্ত করছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।