বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, ২০২৫ সালের ১৮ জুন দুদক ড. কলিমুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বড় অঙ্কের চুক্তি সম্পাদন, ঠিকাদারকে অনৈতিকভাবে আর্থিক সুবিধা প্রদান, এবং সরকারকে ৪ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে ফেলার মতো গুরুতর অপরাধ করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন—বেরোবির আরেক সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক ড. এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আবদুস সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়, ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, অগ্রিম বিল প্রদান ও ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করার মতো অনিয়মের মাধ্যমে পিপিআর-২০০৮ এর নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, তদন্তে এসব অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে।