অনলাইন ডেস্ক:
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি সম্প্রতি এক সাক্ষাৎকারে খ্যাতির কুফল নিয়ে মুখ খুলেছেন। ২৭ বছর বয়সি এই অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের দ্রুত উত্থান তার ব্যক্তিগত জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে—যার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে গোপনীয়তার হারানো।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস ইউকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ইউফোরিয়া’ এবং ‘ম্যাডাম ওয়েব’ খ্যাত সিডনি বলেন, “গোপনীয়তা খুব বড় ব্যাপার। এটা যে কতটা মূল্যবান, আপনি সেটা হারানোর পরেই বুঝতে পারবেন।”
সম্প্রতি আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেরিকান ঈগল’-এর শরৎকালীন পোশাকে মডেল হওয়ায় বিতর্কের মুখে পড়েন সিডনি। জনসম্মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার ফলে তার ব্যক্তিগত জীবন যে কতটা পাল্টে গেছে, সে অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, “আমি সবসময় ভাবতাম, ‘ওরা তো জানত কীসে সই দিচ্ছে।’ কিন্তু এই আমি জানতামই না আমি কিসে সই করছি।”
সিডনি আরও জানান, নিজের বাড়ির বাইরে পাপারাজ্জিদের ভিড় এবং মিডিয়ার নজরদারি তাকে ‘পাগলাটে’ ও ‘অবাস্তব’ অনুভব করায়। এখন তিনি অনেক বেশি সতর্ক থাকেন এবং কেবল খুব অল্প কয়েকজন মানুষকেই নিজের জীবনে জায়গা দেন।










