ব্রাজিল, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াবে না

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর, ব্রাজিল ঘোষণা করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াবে না। ব্রাজিলের প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা মঙ্গলবার এ কথা জানান।

মন্ত্রী পাদিলহা সাংবাদিকদের বলেন, “সরকার এ বিষয়ে কোনো আলোচনা করেনি এবং বাণিজ্যিক অচলাবস্থার বিরোধিতা করেছে। ব্রাজিল কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াবে না এবং এটি উৎসাহিতও করবে না।”

ব্রাজিল বর্তমানে যুক্তরাষ্ট্রে ইস্পাত রপ্তানির ক্ষেত্রে কানাডার পর দ্বিতীয় বৃহত্তম দেশ। ২০২৪ সালে ব্রাজিল ৪.০৮ মিলিয়ন টন ধাতু রপ্তানি করেছে। তবে, সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মন্তব্য করেছেন যে, যদি ট্রাম্প ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন, তাহলে ব্রাজিল প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থা নেবে।

ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদ্দাদ বলেন, ট্রাম্পের একতরফা শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর। এই নতুন শুল্ক শুধু ব্রাজিলকেই নয়, বরং পুরো বিশ্বকেই লক্ষ্যবস্তু করে।