নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (আজ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন এবং আদালত আসামির উপস্থিতির জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন।
সকালে শুনানিকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এমপি মোজাম্মেল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে জোরালো সওয়াল করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন আদালতে তাকে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি পরিচালনা করেন।
উভয় পক্ষের আইনজীবীদের শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন এবং পরবর্তীতে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন মো. শামীম মিয়া। সে সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করা হয় এবং শামীমের শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলিবিদ্ধ হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার পর তিনি বাদী হয়ে সাবেক এই সংসদ সদস্যসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করেন।











