ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শেহজাদের নতুন প্রস্তাব

অনলাইন ডেস্ক:

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে আগ্রহের কমতি নেই। তবে, দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন সিদ্ধান্তের পর, পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ একটি নতুন সমাধান প্রস্তাব করেছেন।

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তান ঘোষণা হওয়ার পর থেকেই ভারত আপত্তি জানায়। এর আগে, পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে ভারত বিরোধিতা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি সম্পন্ন হয়। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তান এবং ভারত উভয় দেশেই ম্যাচ আয়োজন করবে।

এদিকে, পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ভারত-পাকিস্তান ম্যাচের জন্য একটি অভিনব প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করা যেতে পারে। একপাশের গেট ভারতের খেলোয়াড়দের জন্য খোলা থাকবে, আর পাকিস্তানী খেলোয়াড়েরা তাদের দিকের গেট দিয়ে মাঠে প্রবেশ করবে।” এরপর শেহজাদ বিসিসিআই ও ভারত সরকারকে খোঁচা দিয়ে বলেন, “আমার মনে হয় তারা বলবে, ‘তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়রা যখন আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।’”

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। এতে অংশ নেবে সেরা আটটি দল, এবং শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বিশ্ব ক্রিকেটের বড় দলগুলো।