ভোজ্যতেলের দাম আবারও বাড়ল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী:

বোতলজাত সয়াবিন তেল: ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা

খোলা সয়াবিন তেল: ১৭৪ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা

পাম তেল: ১৫০ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকা

৫ লিটারের বোতল: ৯২২ টাকা থেকে বেড়ে ৯৪৫ টাকা

এর আগে গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। সে সময় ব্যবসায়ীরা ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিলেও বাণিজ্য মন্ত্রণালয় মাত্র এক টাকা বৃদ্ধির অনুমতি দেয়, যা নিয়ে ব্যবসায়ীরা অসন্তুষ্ট ছিলেন।

নতুন দামটি এবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর যৌথভাবে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশনটি।