অনলাইন ডেস্ক:
নতুন বছরের প্রথম দিনেই বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত শনিবার সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। অল্প কিছুদিনের পরিচয়ের পর এই সিদ্ধান্ত নিয়েছেন তাহসান ও রোজা।
বিয়ের পর পরই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নবদম্পতি। মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। তবে শিগগিরই দেশে ফিরে আসবেন দু’জন। এরপর রোজা যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন, কারণ সেখানে তার প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে, বিয়ের একদিন আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নিজের নতুন গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসান এই বিশেষ দিন নিয়ে কিছু কথা বলেন, তবে রোজার সঙ্গে তার পরিচয় এবং বিয়ের পরের অনুভূতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তাহসান শুধু বলেছেন, “এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো।”
উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি পড়াশোনা করেছেন। কসমেটোলজি লাইসেন্স লাভের পর তিনি নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন এবং সেখানে একজন সফল উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।











