মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণা, ধাওয়া দিয়ে গণপিটুনিতে নিহত ২

অনলাইন ডেস্ক:

রবিবার ভোরে উপজেলার বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি, যা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।

এ সময় তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন।

পরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ আশপাশের এলাকার লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলের মধ্যে তাদের আটক করা হয়। পরে সেখানে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এ সময় তাদের পাল্টা আঘাতে স্থানীয় তিনজনও আহত হন। বর্তমানে আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে নিহত দুই ব্যক্তির নাম জানা গেলেও তাদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে এবং নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এলাকার গ্রাম পুলিশ চাঁদ মিয়া জানান, অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় রেজাউল ও সাদিকুল নামের দুই ব্যক্তি রবিবার ভোরে সোহেল নামের এক ব্যক্তির বাড়ি থেকে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তারা স্থানীয় লোকজনের গণপিটুনিতে নিহত হন। পরে পুলিশ এসে তাদের মরদেহ নিয়ে যায়।

 

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, সোহেল নামের এক ব্যক্তির বাড়ি থেকে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। পরে তার চিৎকার এবং মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়ার পর এলাকাবাসী ও মুসল্লিরা ছুটে আসেন। তারা ওই দুই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সেগুলো রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।