মহুয়া কমিউটার ট্রেনে অগ্নিকান্ডে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণা জেলার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্টেশন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, ট্রেনের পাওয়ার কারে হঠাৎ করে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই স্টেশনের কর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে আপাতত এই রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে এবং রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই দুর্ঘটনার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন এবং অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহারের চেষ্টা করছেন। রেলওয়ে ও স্থানীয় প্রশাসন তদন্ত চালাচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।