জেলা প্রতিনিধি :
হত্যা ও নাশকতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। আদালতে হাজিরের সময় তাকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। বিএনপি সমর্থক আইনজীবী ও নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ দুই দিনের এবং সিংগাইর থানায় করা একটি হত্যা মামলায় আদালত-১ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালে হরতালের সময় পুলিশের গুলিতে নিহতদের মধ্যে একজনের স্বজন ২০২৪ সালে মমতাজকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। আরেকটি মামলা করেন স্থানীয় এক বিএনপি নেতা।
শুনানির সময় মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, তবে বাদীপক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। শুনানির সময় আদালত কক্ষে পুলিশ ও বিএনপি-সমর্থক আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ। পরবর্তীতে মানিকগঞ্জ-২ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।











