মার্কিন বিমান হামলায় আল-কায়েদার কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক:

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট ‘হুরাস আল-দিন’ গোষ্ঠীর এক সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ সালাহ আল-জাবির নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়, যা মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো থেকে নিশ্চিত হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, আল-কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠী হুরাস আল-দিনের সদস্য মুহাম্মদ সালাহ আল-জাবিরকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলা ছিল ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোকে দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মার্কিন ড্রোন হামলায় মুহাম্মদ সালাহকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হলে তিনি ঘটনাস্থলে নিহত হন। হামলা চালানো হয়েছে স্থানীয় সারমাদা-ইদলিব সড়কে।

যুক্তরাষ্ট্রের সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা হামলার পর বলেন, “আমরা সন্ত্রাসীদের খুঁজে বের করা এবং হত্যা বা আটক করার প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা আমাদের মাতৃভূমি এবং মিত্রদের রক্ষা করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব।”

এ হামলার কয়েকদিন পরই হুরাস আল-দিন গোষ্ঠী বিলুপ্তি ঘোষণা করে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল-শারার নির্দেশে।