মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা

অনলাইন ডেস্ক:

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে প্রকাশ্যে ধূমপান করার জন্য জরিমানা করা হয়েছে। রেস্তোরাঁর পাশে (স্ট্রিটফুড স্টল) বসে ধূমপান করার ছবিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশ করার পর স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমাদ জরিমানা আরোপের ঘোষণা দেন।

২০১৯ সালে মালয়েশিয়ায় প্রকাশ্যে জনসমাগমপূর্ণ স্থানে এবং রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়। চলতি বছরের অক্টোবর মাসে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। এক্স-এ প্রকাশিত ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ দেখা দেয়, এবং মন্ত্রী আইনের আওতায় আসার পরই বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি এক্স-এ বলেন, “পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি জানানো হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।” মালয়েশিয়ার আইন অনুযায়ী, কেউ যদি নিষিদ্ধ স্থানে ধূমপান করেন, তবে পাঁচ হাজার রিঙ্গিত (১১২০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এ ঘটনায় ক্ষমা চেয়েছেন। তিনি জানান, স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে আইনের লঙ্ঘনের নোটিশ পেয়েছেন, তবে জরিমানার পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি মালয়েশিয়ার দ্য স্টার সংবাদপত্রকে বলেন, “যদি এটি জনগণের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি জরিমানা পরিশোধ করব এবং আশা করি এটি খুব বেশি হবে না।”

রেস্তোরাঁয় পররাষ্ট্রমন্ত্রীর ধূমপানের ছবি প্রকাশের পর অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এক এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আপনি মন্ত্রী হোন বা না হোন, আইন ভঙ্গ করা ভুলই। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” অন্য একজন বলেছেন, “আইনপ্রণেতা এবং আইন প্রয়োগকারী যারা আইন ভঙ্গ করে, তাদের জনগণের চেয়ে কঠোর শাস্তি দেওয়া উচিত।”