অনলাইন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় ও লাস্যময়ী নায়িকা পরীমণি আবারও আলোচনায়। প্রতি বছর জন্মদিনে জমকালো আয়োজনে ভক্তদের চমক দেন তিনি। তবে এবারের জন্মদিন ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতা—দেশের বাইরে, মালয়েশিয়ায় কাটালেন নিজের বিশেষ দিনটি।
গত ২৩ অক্টোবর জন্মদিন উদ্যাপন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া উড়াল দেন পরীমণি। সমুদ্রের নীল জল, রোদঝলমলে আকাশ আর রঙিন আলোয় মিশে গেছে তাঁর আনন্দঘন মুহূর্তগুলো। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিনেত্রী জানান, এই সফর ছিল তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।
পরীমণির ভাষায়, “দেশের বাইরে এভাবে ১০ দিনের সেলিব্রেশনের প্ল্যান এই প্রথম। আমাদের টিমে ছিল সাতজন—আমার ছেলে, তার ন্যানি মোবারক, ম্যানেজার তুরান ভাই, বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম আর আমি নিজে!”
নায়িকা আরও লিখেছেন, “যাওয়ার দিন হইহই করতে করতে রওনা দিয়েছিলাম। সারা পথে ছবি-ভিডিও করেছি। দুঃখ, হাসি, আনন্দ—সব মিলিয়ে জমে গেছে এক জীবনের মতো স্মৃতি।”
ভ্রমণের সময় সামাজিক মাধ্যমে অনুপস্থিত থাকার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। “আমরা সত্যিকারের ছুটি কাটাতে চেয়েছিলাম। আমি সিম কার্ডই কিনিনি! তাই এখন ধীরে ধীরে ছবি-ভিডিও শেয়ার করব। সব কৃতিত্ব শাওনের—ও-ই সব ক্যাপচার করেছে।”
পোস্টের শেষে সহযাত্রীদের ট্যাগ করে পরীমণি লিখেছেন, “ধন্যবাদ সবাইকে। তোমাদের পেয়ে আমি খুব খুশি। ভালোবাসি সবাইকে।”
মালয়েশিয়ার রোদ, ঢেউ আর বন্ধুত্বে ভরা সেই ১০ দিন যেন রূপকথার ছুটির মতোই রঙিন ছিল। পরীমণির জন্মদিন এবার হয়ে উঠেছে নিখাদ আনন্দ, ভালোবাসা ও বন্ধুত্বের এক পরিপূর্ণ উদ্যাপন—পুরোপুরি ‘পরীময়’ অভিজ্ঞতা।











