নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের সামনে আগুনে পুড়ে অঙ্গার হওয়া শিশু জিহানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রূপসী গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। খবর পেয়ে স্বজনেরা ফিলিং স্টেশনে এসে ভাঙচুর চালায়। নিহত জিহান রূপসী এলাকার শরীফ হোসেনের ছেলে।
স্বজনেরা জানান, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য থামে। এ সময় জিহান গাড়ির ভেতরেই ছিল, তার মা ও মামা বাইরে ছিলেন। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা জিহান পুড়ে মারা যায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, প্রাইভেটকারে আগুন লেগে এক শিশু মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এ ঘটনায় তদন্ত চলছে।











