অনলাইন ডেস্ক:
মা হওয়ার পাঁচ মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। চলতি বছরের জুলাইয়ে কন্যা সন্তান সায়ারার জন্মের পর তিনি পুরোপুরি আড়ালে ছিলেন; ক্লিনিক ছাড়া কোথাও দেখা যায়নি তাকে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরলেন প্রথম শুটিং সেটে।
ইতোমধ্যেই অনুরাগীদের মধ্যে তার ফিরে আসা নিয়ে তুমুল কৌতূহল ছিল। গত সপ্তাহে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে কিয়ারা লেখেন— “এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।” এই পোস্ট থেকেই ভক্তরা আন্দাজ করেছিলেন, তিনি খুব শিগগির ফিরে আসছেন।
দুপুরেই সেই জল্পনা সত্যি করে কিয়ারা ধরা দিলেন পরিচিত সেই স্টাইলিশ রূপে। মা হওয়ার পর দ্রুতই বাড়তি ওজন ঝরিয়ে তিনি হাজির হন কাঁধখোলা ডেনিম শার্ট ও শর্টসে—যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিজ্ঞাপনের একটি ভিডিও শুট দিয়েই কাজে ফেরার আনুষ্ঠানিকতা সেরে ফেলেন অভিনেত্রী।
শুটিং স্পটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিয়ারা হাসিমুখে শুভেচ্ছা জানান। কথোপকথনের এক ফাঁকে তিনি জানান, তার কন্যা সায়ারা ভালো আছে এবং নতুন ভূমিকা—মা হওয়া—উপভোগ করছেন তিনি।











