মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচার: বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত রবিবার (৮ নভেম্বর) উপজেলার ওচমানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), তার ছেলে আজহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরিদুল ইসলামের ছেলে ফারিয়াতুল ফারাবি (২৬)।
আজ দুপুরে এই তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে একটি অসাধু চক্র নিয়মিতভাবে মিয়ানমারে সার পাচার করে আসছিল। এর আগে গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। সেই সময় সার পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের মুঠোফোনের কললিস্টসহ অন্যান্য তথ্য-প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এই পাচার চক্রের সঙ্গে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে। এরই ধারাবাহিকতায় সংগৃহীত ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়েও অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুরো বিষয়টি নিয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘বাদশাহ নামে একজনকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। ইতোমধ্যে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।’
