অনলাইন ডেস্ক:
বলিউডে এবার নতুন ঝড় তুলতে আসছে বহুল প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা ‘ককটেল ২’। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই সিক্যুয়েল। অগ্রিম বুকিংয়ের চোখ ধাঁধানো পরিসংখ্যান দেখে ইতোমধ্যেই খুশির হাওয়া সিনেমাটির প্রযোজকদের মনে। ট্রেড ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সবশেষ তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকালের মধ্যেই ছবিটির ৭১ হাজারেরও বেশি টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, সংরক্ষিত আসন বাদ দিলেও ‘ককটেল ২’ ছবিটির অগ্রিম গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর যদি ব্লক সিটসহ হিসাব করা হয়, তবে মুক্তির আগেই এই আয়ের অঙ্ক এক লাফে পৌঁছে গেছে ৪ কোটি ৬৬ লাখ রুপি। সিনেমা বিশেষজ্ঞদের মতে, মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের জোয়ার বক্স অফিসে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ‘ককটেল ২’ নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গেছে দিল্লি-এনসিআর এলাকায়। শুধু এই অঞ্চলেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ৯৬ লাখ রুপি। এর ঠিক পরেই রয়েছে মায়ানগরী মুম্বই, যেখান থেকে বুকিং এসেছে প্রায় ৬৪ লাখ। প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার হিট সিনেমা ‘ককটেল’। সেই সময় সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির অনস্ক্রিন রসায়ন দর্শকহৃদয় জয় করেছিল। দীর্ঘ সময় পর নির্মিত এই সিক্যুয়েলে এসেছে বড় চমক। এবার সাইফ-দীপিকাদের বদলে রূপালি পর্দা মাতাতে আসছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি স্যানন।











