মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ফজর আলীসহ গ্রেপ্তার ৫
জেলা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে (২৫) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলী (৩৮) সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রবিবার (২৯ জুন) ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ওই একই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা।
ঘটনার সময়কার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজন— অনিক, সুমন, রমজান ও বাবু—কেও গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার নাজির আহমেদ খান সকালে গণমাধ্যমকে জানান, ধর্ষণের শিকার ওই নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় ফজর আলীকে প্রধান আসামি করে মামলা করেন। ঘটনায় ব্যবহৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই রাতেই ফজর আলী তাকে ধর্ষণ করে। ঘটনার সময় এলাকাবাসী ফজর আলীকে আটক করে মারধর করে; তবে আহত অবস্থায় তিনি পালিয়ে যান।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে এবং ফজর আলীকে ধরতে অভিযান অব্যাহত রাখে। অবশেষে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
