মুহুরি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি :

ফেনীর পরশুরাম উপজেলার মুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মীর আহমেদ চৌধুরী (মিরু চৌধুরী) ও নাগরিক কমিটির সংগঠক ইমাম হোসেন সজীবসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে পরশুরাম পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইয়াছিন বাদী হয়ে পরশুরাম মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলা দায়ের করা হয় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত) এর ৪/৫/১১/১৫ ধারায়।

এজহারে উল্লেখ করা হয়, মুহুরি নদীর বিলোনীয়া খেয়াঘাটের ১০০ গজ দক্ষিণে অবস্থিত বালুমহালটি ১৪৩০ সনে মিরু চৌধুরীর নামে ইজারা দেওয়া হলেও পরিবেশগত ছাড়পত্র না দেওয়ায় তাকে কার্যাদেশ ও দখল দেওয়া হয়নি। এরপর থেকে বালুমহালটি ইজারাবিহীন অবস্থায় রয়েছে। এর পরও মিরু চৌধুরী ইমাম হোসেন সজীবকে বেআইনিভাবে সাবলীজ দেন, যা সম্পূর্ণ অবৈধ।

সজীবের নেতৃত্বে চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ড্রেজার মেশিন ব্যবহার করে মুহুরি নদী থেকে প্রায় ৯ লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ২৫ লাখ টাকা। বালু উত্তোলনের কারণে নদীর পাড় ধসে জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ মামলায় রাজনৈতিক পরিচয় বহনকারী আসামিদের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।