অনলাইন ডেস্ক:
মেক্সিকোতে মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের তীব্র আঘাত এবং ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন এবং ২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। এখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগো রাজ্যে ১৬ জন, পুয়েবলা থেকে ৯ জন এবং কুয়েরেতারো থেকে ১ জনের মরদেহ পাওয়া গেছে।
৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারী বর্ষণের কারণে ভেরাক্রুজে মাত্র তিন দিনে ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর থেকে ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও বিভিন্ন এলাকায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে।
এই দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং এখনও প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। উদ্ধার ও ত্রাণকাজে জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং সেনাবাহিনী কাজ করছে।











