মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়ার একদিন পর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুল ইসলাম সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। অভিযোগ রয়েছে, তিনি রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে জড়িত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বৃহস্পতিবার (৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।

তদন্ত সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাতে ডিবির একটি বিশেষ দল তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকে অভিযান চালানো হয়, যেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ১৭ জুলাই মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। আইএসপিআর জানায়, তার বিরুদ্ধে ইতোমধ্যে একটি সামরিক তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীতে এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গোপন প্রশিক্ষণ ও ষড়যন্ত্রের অভিযোগে একজন সেনা কর্মকর্তার স্ত্রী জড়িত থাকায় গোটা বিষয়টি নানা দিক থেকে নজর রাখা হচ্ছে। রিমান্ড মঞ্জুর হলে তদন্তে নতুন তথ্য উদ্ভুত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।