নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তির মৃত্যু ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে বলা হয়, বিয়ারিং প্যাডের মান নির্ধারণে অবহেলা থাকলে তা ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
এছাড়া মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে একজন নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি পৃথক রিটও করা হয়। ওই দুই রিটের পরিপ্রেক্ষিতেই আজ আদালত রুল ও নির্দেশনা দেন।











