নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দাবি করেছেন, তিনি জীবন নিয়ে চরম অনিশ্চয়তায় আছেন, তবে কেউ মেরে ফেললেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন না। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষকে জানাতে চাই, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি আমার জীবন নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে আমার পরিবারকে নিয়ে বেশি চিন্তিত। মৃত্যুকে আমি ভয় করিনা, তবে অপমৃত্যু আমার কাছে বেশি লজ্জাজনক।”
জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যে দলীয় অবস্থানের বিপরীতে অবস্থান নেওয়ায় বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ নিয়ে উত্তেজনার জেরে রোববার মধ্যরাতে তার সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ করে একদল লোক। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়।
এ বিষয়ে ফজলুর রহমান বলেন, “তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে আমি মনে করি। আমি জানি, বিক্ষোভকারীরা এখনো সেখানে অবস্থান করছেন। আমার বাসা থেকে ফোন দেওয়ার ১০ মিনিটের মধ্যে পুলিশ চলে আসে। আমি তাদের কোনো দোষ দিচ্ছি না। তবে এখন বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছি।”
তিনি আরও বলেন, “আমি যে বক্তব্য দিয়েছি, তাতে কেউ যদি মনে করে ভুল করেছি, তাহলে তারা রাজনৈতিকভাবে জবাব দিক, মামলা করুক, জেলে দিক। তবে আমাকে হত্যা করার কোনো যুক্তি নেই। এবং মেরে ফেললেও আমি কোনো জিডি করব না।”
সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও পুত্র উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ৫ আগস্ট নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।











