ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মেসির লিগের সেরা তরুণ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

প্রকাশিত: 24 November 2026, 12:52 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কাভান সুলিভান। মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রতিভাবান ফুটবলার। মাত্র ১৭ বছর বয়সে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি জিতে লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।

সোমবার (২৩ নভেম্বর) এমএলএস কর্তৃপক্ষ কাভানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। পুরস্কার জয়ের সময় তার বয়স ছিল ১৭ বছর ৫৬ দিন। ২০২০ সাল থেকে চালু হওয়া এমএলএস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারের ইতিহাসে আগের সব বিজয়ীকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি।

এই পুরস্কারের জন্য ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া খেলোয়াড়েরা বিবেচিত হন। বিজয়ী নির্ধারণে ভোট দেন এমএলএস ক্লাবগুলোর কারিগরি বিভাগের প্রতিনিধি, সংবাদমাধ্যমের সদস্য এবং লিগের বর্তমান খেলোয়াড়েরা। তিনটি শ্রেণিতেই সর্বোচ্চ ভোট পেয়ে সবার ওপরে জায়গা করে নেন কাভান। সব মিলিয়ে তার পক্ষে পড়েছে ৬৫.০৬ শতাংশ ভোট। এর মধ্যে খেলোয়াড়দের ভোটে ৬০.৩৪%, সংবাদমাধ্যমের ভোটে ৮০% এবং ক্লাব প্রতিনিধিদের ভোটে ৫৪.৮৪% ভোট অর্জন করেন তিনি।

তালিকায় কাভানের পরের দুটি অবস্থানে রয়েছেন নিউইয়র্ক রেড বুলসের দুই তরুণ ফুটবলার জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি। তাদের প্রাপ্ত ভোটের হার যথাক্রমে ১০.৯৮ ও ৫.৯৮ শতাংশ।

মাঠের দারুণ পারফরম্যান্সই মূলত কাভানকে এনে দিয়েছে এই স্বীকৃতি। এমএলএসে নিজের প্রথম পূর্ণ মৌসুমে ২৯ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪ গোল করিয়েছেন তিনি। অর্থাৎ, দলটির হয়ে সরাসরি ২৩টি গোলে অবদান রেখেছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। তার ১৪টি অ্যাসিস্ট ও ২৩ গোলে অবদান—দুটিই এমএলএসের ইতিহাসে এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড়ের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।

এ ছাড়া টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করার অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন কাভান। কিশোর খেলোয়াড়দের মধ্যে লিগের ইতিহাসে এটিও সর্বোচ্চ ধারাবাহিকতার নজির। গত সেপ্টেম্বরে এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে সেই স্বীকৃতি পেয়ে লিগের সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন।

ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন কাভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি। পরবর্তীতে পেরুর বিপক্ষে একাদশে জায়গা করে নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে অভিষেক হয় তার। এরপর গত ৪ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে গোল করে গড়েন আরও বড় এক কীর্তি। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হন কাভান।

তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে কাভানের পরিচয়ের আরেকটি বিশেষ ও গর্বের দিক রয়েছে। তার মাতৃসূত্রের শিকড় জড়িয়ে আছে বাংলাদেশে। কাভানের নানি সুলতানা আলমের জন্ম ঢাকায়। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে তিনি জার্মান বংশোদ্ভূত অধ্যাপক ক্লাউস ক্রিপেনডর্ফকে বিয়ে করেন। তাদেরই মেয়ে হাইকে ক্রিপেনডর্ফ কাভানের মা।

কাভানের তিন ভাইয়ের মধ্যে রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন। দুই যমজ ভাই ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন। তাদের বড় ভাই কুইন সুলিভানও ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে পেশাদার ফুটবল খেলেন। অর্থাৎ, চার ভাইয়ের ফুটবলযাত্রায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও রয়েছে তাদের এক গভীর পারিবারিক যোগসূত্র।

উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমএলএসে দেওয়া হতো বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার। ২০২০ সালে সেটির পরিবর্তে চালু হয় ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার স্বীকৃতি। সেই পুরস্কারের এবারের আসরে শুধু সেরাই হলেন না কাভান, বয়সের দিক থেকেও গড়েছেন নতুন এক ইতিহাস।

মন্তব্য করুন