দেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস বা মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসুক না! দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।
শামা ওবায়েদ আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।
মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই উল্লেখ করে তিনি বলেন, কেউ মানবতাবিরোধী অপরাধ করলে তার পাসপোর্ট বাতিল হয়, আর তা দেওয়া হয় না। এটি বর্তমান সংবিধানেই স্পষ্টভাবে বলা আছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ‘শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ব্যাপারে যে বিধান রয়েছে, তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তাই এই বিষয়ে আলোচনা করে সবার সময় নষ্ট হচ্ছে।’
এদিকে একই ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীদারের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করে তাদের আপত্তিগুলো খতিয়ে দেখা হবে।
