মোহাম্মদপুরের ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের সদস্যসহ আলোচিত তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

 

‎আজ ‎শুক্রবার সকাল ১১টায় বসিলা র‍্যাব-২ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।‎গ্রেফতারকৃত তিন সন্ত্রাসী হলেন— জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চুয়া সেলিম, চাঁদ উদ্যানের শীর্ষ কিশোর গ্যাং লিডার মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় ও রতন ওরফে বোমা রতন।

 

‎‎র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারী, ৩৬ মামলায় অভিযুক্ত এবং হত্যা ও মাদকের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে বিদেশি অস্ত্র ও মাদকসহ রাজধানীর জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে চাঁদ উদ্যান থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও, তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী মো. রতন ওরফে বোমা রতনকে মোহাম্মদপুরের বিজলী মহল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

তিনি জানান, গত ২০ আগস্ট র‍্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে, জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানায় শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চুয়া সেলিম অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম আশরাফী চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাঁজা গুলি ও ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ রাজধানীর জেনেভা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারিসহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষকতা করে আসছিল এই চুয়া সেলিম।এর আগে গত বছরের ৮ জানুয়ারি ধানমন্ডি থেকে চুয়া সেলিমকে গ্রেফতার করেছিল র‍্যাব-২।

 

এ ছাড়াও, একই দিনে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোরগ্যাং গ্রুপ মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ডাকাতি-ছিনতাই মাদকসহ ১০ মামলায় অভিযুক্ত জয়কে গ্রেফতার করা হয়েছে। জয়সহ মাহি গ্রুপের সদস্যারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মারপিটে লিপ্ত হয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। উক্ত এলাকার ব্যবসায়ী, ভাড়াটিয়া এবং নির্মাণকাজ সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মিত তাদের দ্বারা চাঁদাবাজির শিকার হতেন। আসামি জয়কে ইতোপূর্বে চলতি বছরের ২৪ এপ্রিল মোহাম্মদপুর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছিল। এ ছাড়াও, একই দিনে র‍্যাব-২ এর অপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বিজলী মহল্লায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অপরাধী এবং দস্যুতা, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ ২০ মামলার আসামি মো. রতন ওরফে বোমা রতনকে গ্রেফতার করে। আলোচিত সন্ত্রাসী বোমা রতন দীর্ঘদিন যাবৎ গজনবী রোড, বছিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রকে নেতৃত্ব দিয়ে আসছিল। এরআগে বোমা রতন ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি গজনবী রোড থেকে ধারালো অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনী হাতে আটক হয়েছিল।

 

‎‎তিনি আরও জানান, জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।