যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র সংঘাতের পরিস্থিতি তৈরি করছে এবং তারা সমানে উসকানি দিয়ে যাচ্ছে, যা উত্তর কোরিয়া সহ্য করবে না।”

গত রোববার, দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পৌঁছানোর পর কিম ইয়ো জং এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও তার পেটোয়া দেশ সংঘাতের পথ বেছে নিতে চায়, আর দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথে চলছে।”

এছাড়া, গত রোববারেই উত্তর কোরিয়া তাদের চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। এর পরিপ্রেক্ষিতে কিম ইয়ো জং বলেন, “উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে এবং তাদের নিরাপত্তা সুরক্ষিত রাখবে।”

তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সমালোচনা করে বলেন, “মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে। তারা আগের প্রশাসনের নীতিতেই চলছে।”

উল্লেখযোগ্য, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন তিনি কিম জং উনের সঙ্গে শীর্ষবৈঠক করেছিলেন। বর্তমানে ট্রাম্প জানিয়েছেন, তিনি আবারও কিমের সঙ্গে দেখা করতে চান। তবে বিশেষজ্ঞদের মতে, কিম হয়তো এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চাইছেন, এবং আগের মতো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা নাও করতে পারেন।