রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
জেলা প্রতিনিধি:
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় আহত ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে। রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তাদের নেতাকর্মীরা। এরপর তারা জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। ইমদাদুল হক লিমনের দাবি, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এই হামলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সাফায়েত হোসেন মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বোয়ালিয়া থানার ওসি মাছুমা মুস্তারি জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
