ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্রিজনভ্যান থেকে আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি আ.লীগ নেতার

প্রকাশিত: 25 November 2026, 12:30 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে আদালত চত্বরে মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। ওই সময় আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলা হচ্ছিল।

বিকালে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জামিন শুনানির জন্য সে দিন ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। আদালতের কার্যক্রম ও শুনানি শেষে তাদের পুনরায় কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজনভ্যানে তোলার সময় তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। ঠিক তখনই আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে দুই আঙুল উঁচিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন। তার এমন হুমকির পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন।

এপিপি শাকিল পাটওয়ারী আরও বিস্তারিত জানিয়ে বলেন, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। এছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা পৃথক কয়েকটি মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫ জন নেতাকর্মীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং তিনি জেলা ছাত্রলীগেরও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে, আদালত থেকে জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়া আওয়ামী লীগের এই ঘটনার বিষয়ে দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে আসামিপক্ষের এমন আচরণের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন তারা পরিকল্পিতভাবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করেছে। এখন তারা আবারও ফ্যাসিবাদী কায়দায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র করছে। আদালত প্রাঙ্গণে জামিন পেয়ে তারা প্রকাশ্যেই আমাদের এবং আইনজীবীদের হুমকি দিচ্ছে। এ সময় কিছু আইনজীবীও তাদের নানাভাবে উৎসাহ ও সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলে তিনি গুরুতর অভিযোগ করেন।

মন্তব্য করুন