যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা, বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৫২.২০ ডলারে দাঁড়িয়েছে এবং সপ্তাহজুড়ে এখন পর্যন্ত এর দাম প্রায় ১.৮ শতাংশ কমেছে।

 

এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৬ শতাংশ কমে ৪ হাজার ৪৭৮.৫০ ডলারে নেমেছে। এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, ইরান-সংক্রান্ত সমাধান নিয়ে অনিশ্চয়তা নেতিবাচক প্রভাব ফেলছে স্বর্ণের ওপর। সুদের হার আরও কঠোর হওয়ার প্রত্যাশাও স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করছে বলে জানান তিনি।

 

এদিকে রুপার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭২.৮৯ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৮৭৮.৬৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে ১ হাজার ২৯৮.৪৫ ডলারে নেমেছে। সব ধাতুই সপ্তাহ শেষে ক্ষতির দিকে এগোচ্ছে। ফলে সপ্তাহজুড়ে দরপতনের প্রবণতা দেখা গেছে প্রায় সব ধাতুরই।

 

দেশে ভরির দাম কত

 

দেশেও স্বর্ণের দামে স্বস্তির খবর। ঈদের পরেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

 

গত ২ জুন সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।