অনলাইন ডেস্ক:
সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুই দেশই অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রে শতাধিক অবৈধ ভারতীয়কে পায়ে শেকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছে, এবং যুক্তরাজ্যে বিভিন্ন ভারতীয় রেস্তোরাঁ, কার ওয়াশ এবং নেল পার্লারে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হচ্ছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপারের অফিস থেকে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে তারা ৮২৮টি স্থানে অভিযান চালিয়ে ৬০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। কুপার জানান, তাদের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম গত বছর তুলনায় ৪৮ শতাংশ বেশি অভিযান চালিয়েছে এবং গ্রেফতার ৭৩ শতাংশ বেড়েছে। তিনি জানান, এসব অবৈধ অভিবাসী বেআইনিভাবে কাজে নিয়োগ প্রাপ্ত ছিলেন এবং তাদের শোষণ করা হচ্ছিল।
এছাড়া, সরকার ১০৯০টি নোটিস পাঠিয়েছে বিভিন্ন সংস্থাকে, যারা বৈধ পরিচয়পত্রহীন শ্রমিকদের নিয়োগ করেছে। এসব নিয়োগদাতাদের জন্য ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে যদি তারা দোষী সাব্যস্ত হয়।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে মাদক অপরাধ, চুরি, ধর্ষণ এবং হত্যার দায়ে দোষী সাব্যস্ত অপরাধীরা রয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কুপার আরও বলেন, “অবৈধ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা উচিত এবং নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের শোষণ বন্ধ করতে হবে।”











