অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় আরও ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ভারতে ফেরত পাঠাচ্ছে। শনিবার রাতে মার্কিন বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করবে। এনডিটিভির খবর অনুযায়ী, ফেরত পাঠানো এসব অভিবাসীদের মধ্যে ৬৭ জন পাঞ্জাব, ৩৩ জন হরিয়ানা, ৮ জন গুজরাট, ৩ জন উত্তরপ্রদেশ, ২ জন গোয়া, ২ জন মহারাষ্ট্র, ২ জন রাজস্থান, ১ জন হিমাচল প্রদেশ এবং ১ জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।
এটি ছিল যুক্তরাষ্ট্র থেকে ভারতে অভিবাসীদের ফেরত পাঠানোর দ্বিতীয় দফার কার্যক্রম। এর আগে ৫ ফেব্রুয়ারি ১০৪ জন অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন বিমান ভারতে আসে। চলতি সপ্তাহেই তৃতীয় দফায় অবৈধ অভিবাসীদের নিয়ে আরও একটি মার্কিন বিমান ভারতে আসবে, তবে ওই বিমানে কোন রাজ্যের কতজন অভিবাসী আছেন তা এখনও জানা যায়নি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের অমৃতসরে নামানোর বিষয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, পাঞ্জাবকে ছোট করে দেখানোর জন্য মার্কিন বিমানগুলো এখানে নামানো হচ্ছে। তিনি বলেছেন, “কেন দিল্লিতে বিমান নামানো হয়নি?”
তবে বিজেপির মুখপাত্র আরপি সিং এক টুইটে জানিয়েছেন, “অমৃতসর যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রবেশের জন্য সবচেয়ে নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর, তাই এখানে বিমান নামানো হচ্ছে।” ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার হিসেবে অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়া হচ্ছে।











