রমজানের আগেই সুষ্ঠু নির্বাচনের আশা বিএনপির

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী রমজানের আগেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এতে দেশের ভোটাররা ১৬ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আমাদের বিশ্বাস, খুব শিগগিরই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ষোল বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা সেই ভোটাধিকার ফিরে পাবে।”

তিনি আরও বলেন, দেশের জনগণ এখনও নানাভাবে অধিকারবঞ্চিত। দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দেশ চলছে বলে তিনি অভিযোগ করেন।

গণতন্ত্রের শর্ত পূরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মানুষের নিরাপত্তাবোধ, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আদালত হতে হবে অসহায় মানুষের শেষ ভরসার স্থান।”

জাতীয় কবি নজরুল ইসলামের সংগ্রামী জীবন ও সাহিত্য প্রসঙ্গে রিজভী বলেন, “নজরুল ছিলেন মানবতা, প্রেম ও দ্রোহের কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, নব্বইয়ের গণআন্দোলন— প্রতিটি জাতীয় আন্দোলনে তার গান ও কবিতা মানুষকে প্রেরণা দিয়েছে। এখনো রাজপথে নামার সময় তার কবিতা আমাদের শক্তি জোগায়।”

তিনি বলেন, “স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, কারণ আমাদের সঙ্গে ছিল নজরুলের গান-কবিতার প্রেরণা। তিনি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে শানিত কলম চালিয়েছেন, সেই চেতনাই আমরা ধারণ করি। দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই চেতনার পথেই আমরা চলেছি।”