নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজান মাসে ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ ভ্রাম্যমাণ বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা শহরে ১ থেকে ২৮ রমজান পর্যন্ত ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় হবে।
উপদেষ্টা আরও জানান, এই কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফারমার্স এসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন ও প্রান্তিক খামারিরা সহযোগিতা করবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ঢাকা শহরের দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হবে।
এ সময়ে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
ঢাকা শহরের ২৫টি স্থানে বিক্রয়ের জন্য নির্বাচিত স্থানগুলোর মধ্যে রয়েছে: সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), খামারবাড়ী (ফার্মগেট), মিরপুর, আজিমপুর, বনশ্রী, হাজারীবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, কালশী, শাহজাদপুর, কড়াইল বস্তি, বনানী, খিলগাঁও, সেগুনবাগিচা, বসিলা, উত্তরা, রামপুরা, মিরপুর ১০, কল্যাণপুর, তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার), কাকরাইল।
প্রতিদিনের বিক্রয়ের পরিমাণ হবে—ডিম: ৬০ হাজার পিস, পাস্তুরিত দুধ: ৬ হাজার লিটার, ড্রেসড ব্রয়লার: ২ হাজার কেজি, গরুর মাংস: ২০০০-২৫০০ কেজি।











